সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৭ সালের ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ব্যতিরেকে অন্যান্য দিনে পরীক্ষা গ্রহণ করা হবে। একই সঙ্গে এবার ভর্তি ফি বৃদ্ধি করা হতে পারে বলে সংকেত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন সদস্য।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে অনুষ্ঠিত এক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত (শুক্রবার ও শনিবার বাদে) ভর্তি পরীক্ষা চলবে।
পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার একটি পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এবারও জাবি ক্যাম্পাসের ভেতরেই সমস্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি ফি বৃদ্ধির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির এক সদস্য জানান, বিগত বছরের ভর্তি পরীক্ষায় প্রায় এক কোটি টাকারও বেশি অর্থ ঘাটতি হয়েছিল। এ বছর আয়োজন খরচ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সার্বিক ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ফি বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ফি বৃদ্ধির বিষয়ে সভায় প্রাথমিক আলোচনা সম্পন্ন হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী বৈঠকে ফি নির্ধারণের বিষয়টি সমাধান করা হবে।
এছাড়া, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট কাঠামো পূর্বের মতোই বহাল রাখা হচ্ছে। তবে আইন বিভাগকে নতুন করে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১ দিন আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'
১ দিন আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
২ দিন আগে