সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মাসুদ অরুন | ‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’
স্বৈরাচারী শাসনের দোসর এবং ১৯৭১ সালের একাত্তরের পরাজিত শক্তি আবারও একজোট হয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন মেহেরপুরের প্রাক্তন সংসদ সদস্য মাসুদ অরুন। এ বিষয়ে দেশপ্রেমিক জনতাকে সজাগ ও চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা যুবদল এই সমাবেশের আয়োজন করে।
মাসুদ অরুন তার বক্তব্যে উল্লেখ করেন, মেহেরপুর প্রধানত একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানকার অধিবাসীরা কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা। তিনি সারের সুষম বণ্টন ও বিপণন নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে বলেন, সরকার সারের কালোবাজারি ও অনিয়ম রোধে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চলতি মাস থেকেই কৃষকরা ন্যায্যমূল্যে সার পাবেন।
নেতাকর্মীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বছরের পর বছর রাজনৈতিক জেল-জুলুম ও অত্যাচার সহ্য করে আমরা রাজপথে আন্দোলন চালিয়েছি। দীর্ঘ ত্যাগ স্বীকারের পর স্বৈরাচারের হাত থেকে মুক্তি মিলেছে। বর্তমান সরকারকে দেশ পুনর্গঠনে অন্তত দুই বছর সময় ও সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে তারেক রহমানের নেতৃত্বে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিরিট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো অপশক্তি ষড়যন্ত্র করলে রাজপথে আবারও কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আলী এবং পৌর যুবদলের সদস্যসচিব নওফেল আহমেদ রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন ও সাইদুর সুজন, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব বিপ্লব মাস্টার, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসানসহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশের আনুষ্ঠানিকতা শেষে কোর্ট চত্বর থেকে একটি সুসজ্জিত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।