সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যুদ্ধের বিভীষিকার মাঝে আশার আলো | আল-কুদস কোরআন প্রতিযোগিতায় ফিলিস্তিনি ভাইবোনের শ্রেষ্ঠত্ব অর্জন
যুদ্ধ, দখলদারিত্ব এবং নিত্যদিনের অনিশ্চয়তার মধ্যেও ফিলিস্তিনিদের জীবনযাত্রা থামে না। দৈনন্দিন সংগ্রামের পাশাপাশি তারা পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে রেখেছে, যা তাদের কাছে আলোর দিশারী। এই কঠিন বাস্তবতার মধ্যে একটি নতুন অনুপ্রেরণার গল্প লিখেছেন ফিলিস্তিনি ভাইবোন মুহাম্মদ ইয়াসের মানসুর ও ইলমি ইয়াসের মানসুর। ২০২৬ সালের আল-কুদস কোরআন প্রতিযোগিতায় তারা নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করে সবার নজর কেড়েছেন।
ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আল-কুদসের উত্তরাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে ছেলেদের বিভাগে মুহাম্মদ ইয়াসের মানসুর এবং মেয়েদের বিভাগে ইলমি ইয়াসের মানসুর শ্রেষ্ঠত্ব লাভ করেন। একই পরিবারের দুই সন্তানের এমন ঈর্ষণীয় সাফল্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। অনেকে এটিকে ফিলিস্তিনি সমাজের কোরআনের প্রতি গভীর অনুরাগের প্রতীক হিসেবে দেখছেন, যা চরম প্রতিকূলতার মধ্যেও তাদের টিকে থাকার শক্তি জোগায়। এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অধ্যবসায়, নিয়মিত কোরআন তেলাওয়াত, মুখস্থকরণ এবং পারিবারিক অদম্য উৎসাহ।
ফিলিস্তিনের বহু পরিবার তাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে থাকে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই ঐতিহ্যবাহী ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে। এদিকে, প্রতিযোগিতা চলাকালীন সময়েও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ধরপাকড় অব্যাহত ছিল। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনি তরুণদের আটক করা হয়। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠলেও, ধর্মীয় শিক্ষা ও কোরআনচর্চার কার্যক্রম এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি।
গাজা উপত্যকায়ও একই চিত্র দেখা যায়। দীর্ঘস্থায়ী যুদ্ধ, ধ্বংসস্তূপ এবং চরম মানবিক সংকটের মধ্যেও সেখানে কোরআন মুখস্থ ও তেলাওয়াতের বিভিন্ন কর্মসূচি পুরোদমে চলেছে। যুদ্ধের পূর্বেই গাজায় প্রায় ৫৫ হাজার নারী ও পুরুষ পূর্ণ হাফেজে কোরআন ছিলেন, যা এই অঞ্চলের শক্তিশালী কোরআন শিক্ষার ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে।