সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সুসংবাদ প্রাপ্তিতে মহানবী (সা.)-এর দুটি বিশেষ আমল
মানবজীবনে আনন্দের মুহূর্ত আসে বিভিন্ন উপায়ে। কাঙ্ক্ষিত সংবাদ লাভ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতাসহ নানা কারণে হৃদয় আনন্দে ভরে ওঠে। সাধারণত এমন সময়ে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে বা উদযাপন করে থাকে। তবে একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশও ওতপ্রোতভাবে জড়িত থাকা উচিত।
ইসলাম শেখায়, আনন্দের মুহূর্তেও যেন আল্লাহকে স্মরণ করা হয়। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন এর অসংখ্য দৃষ্টান্তে ভরপুর। তাঁর সুন্নাহ থেকে জানা যায়, কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে রূপান্তরিত হতে পারে যখন সে সুসংবাদ পায়। সুসংবাদ প্রাপ্তিতে মহানবী (সা.) দুটি বিশেষ কাজ করতেন, যা নিচে বিস্তারিত উল্লেখ করা হলো:
১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ
সুসংবাদ পেলে মহান আল্লাহর প্রশংসা করা ছিল নবীজি (সা.)-এর অন্যতম একটি বিশেষ আমল। উম্মুল মুমিনীন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন, তখন তিনি এই দোয়া পড়তেন: ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’ এর অর্থ হলো: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)
এই সংক্ষিপ্ত দোয়ার মধ্যে কৃতজ্ঞতার এক গভীর শিক্ষা নিহিত। মানুষ অনেক সময় নিজের যোগ্যতা, প্রচেষ্টা, দূরদর্শিতা, সময়োপযোগী সিদ্ধান্ত ও নিখুঁত পরিকল্পনাকে সফলতার মূল কারণ মনে করতে পারে। কিন্তু একজন মুমিনের মৌলিক বিশ্বাস হলো, চেষ্টা করা মানুষের দায়িত্ব আর প্রকৃত সফলতা একমাত্র আল্লাহরই অনুগ্রহ।
তবে আনন্দের মুহূর্তের পাশাপাশি অপ্রিয় পরিস্থিতিতেও নবীজি (সা.) আল্লাহর প্রশংসা করতেন। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত একই হাদিসের দ্বিতীয় অংশে এসেছে, রাসুল (সা.) অপছন্দনীয় কিছু দেখলে বলতেন, ‘আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল।’ এর অর্থ: ‘সব অবস্থায় আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)
জীবনের সকল প্রত্যাশা সব সময় পূরণ হয় না। কখনও আনন্দের সংবাদ মেলে, আবার কখনও মন খারাপ করার মতো খবরও শুনতে হয়। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহর প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা বজায় রাখাই মুমিনের অনন্য বৈশিষ্ট্য। এই দোয়া সেই মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
২. কৃতজ্ঞতার সেজদা
শুধু মুখে প্রশংসা করার মধ্যেই নবীজি (সা.) সীমাবদ্ধ থাকতেন না। যখনই কোনো আনন্দের সংবাদ আসত অথবা তাঁকে কোনো সুসংবাদ জানানো হতো, তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়তেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১৫৭৮)
ইসলামের পরিভাষায় এই আমলকে ‘সিজদা আশ-শোকর’ বা কৃতজ্ঞতার সেজদা বলা হয়। আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নেয়ামত লাভ, বিপদ থেকে মুক্তি কিংবা আনন্দদায়ক সংবাদ পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ এই সেজদা করা হয়। এর মাধ্যমে বান্দা আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্বীকার করে যে, জীবনের প্রতিটি কল্যাণের প্রকৃত উৎস একমাত্র আল্লাহ তাআলাই।
সাহাবিদের মাঝেও এটি একটি সুপরিচিত আমল ছিল। তাবুক যুদ্ধে অংশ না নেওয়ায় হজরত কাব ইবনে মালিক (রা.) দীর্ঘ পঞ্চাশ দিন সামাজিকভাবে বর্জিত অবস্থায় কঠিন সময় কাটিয়েছিলেন। অবশেষে যখন তাঁর তওবা কবুলের আয়াত নাজিল হলো, তখন সালা পাহাড়ের চূড়া থেকে এক ব্যক্তি উচ্চস্বরে তাঁকে সুসংবাদ শোনালেন।
সেই আওয়াজ শোনামাত্রই কাব (রা.) কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়লেন। সুসংবাদদাতাকে তিনি নিজের পরনের কাপড় উপহার দিলেন। মসজিদে পৌঁছালে তালহা ইবনে ওবাইদুল্লাহ (রা.) দৌড়ে এসে তাঁকে অভিনন্দন জানালেন। নবীজি (সা.)-এর চেহারা তখন আনন্দে উদ্ভাসিত, আর তিনি একে কাব (রা.)-এর জীবনের সর্বোত্তম দিন বলে সুসংবাদ দিয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১৮)
আমাদের সমাজে আনন্দ এলে নানা ধরনের আয়োজন, পার্টি বা উদযাপন হয়ে থাকে। কিন্তু সেই আনন্দের সঙ্গে মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস খুব বেশি চোখে পড়ে না। অথচ যে আনন্দ আল্লাহর স্মরণের মাধ্যমে শুরু হয়, তা বান্দাকে তাঁর আরও কাছাকাছি নিয়ে যায়। সুসংবাদ তখন কেবল ক্ষণিকের উচ্ছ্বাস থাকে না, বরং হয়ে ওঠে ইবাদতের এক অনন্য উপলক্ষ।
লেখক: ফয়জুল্লাহ রিয়াদ, শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা।