সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন দ্য ইউনিভার্সিটি অব হংকং
হংকংয়ে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধন জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘বিএসএএইচকে ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং (বিএসএএইচকে)-এর উদ্যোগে ও ম্যাক্সসেল গ্রুপের সহযোগিতায় গত ৮ নভেম্বর শেক কিপ মেই পার্ক ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনদের জন্যও এতে খেলার সুযোগ রাখা হয়। মোট ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে অংশ নেয়। ‘এ’ গ্রুপে ছিল দ্য ইউনিভার্সিটি অব হংকং, নিনজাস এবং সিটি ইউনিভার্সিটি অব হংকং। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফ্যালকনস। বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে টুর্নামেন্টের বিভিন্ন পর্ব।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দ্য ইউনিভার্সিটি অব হংকং ও দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিকে ১-০ গোলে পরাজিত করে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় দ্য ইউনিভার্সিটি অব হংকং।
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর, ম্যাক্সসেল গ্রুপের চেয়ারম্যান মাওলা মাসুদ ম্যাক্স, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা বজলুল কাদের হেলাল, এস এম তাসিমুল বিপু, ফখরুল ইসলাম বাবু ও আইরিন সুলতানা।
আয়োজনের সফলতায় সন্তোষ প্রকাশ করে বিএসএএইচকের সভাপতি ইশমামুল ইসলাম বলেন, অংশগ্রহণকারী খেলোয়াড়, সংগঠনের সদস্য এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় টুর্নামেন্টটি সফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের স্পোর্টিং ও সাংস্কৃতিক আয়োজন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
‘Play. Connect. Belong.’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টটি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না, বরং সুদূর পরবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের এক ছাদের নিচে নিয়ে আসার এক চমৎকার প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইউরোপে অবৈধ অনুপ্রবেশ | গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি
২ সপ্তাহ আগে
চীন-বাংলাদেশ সরকারি বৃত্তির ৫০ বছর | বেইজিংয়ে বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন পুনর্মিলনী
২ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন | ৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত
৩ সপ্তাহ আগে