সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কনসার্টে অশালীন মন্তব্যের অভিযোগ | সংগীতশিল্পী হানি সিংকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
কনসার্টে আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগে ভারতীয় জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হানি সিংকে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। দিল্লির এক কনসার্টে গাড়ির ভেতর যৌন সম্পর্ক কেন্দ্রিক ইঙ্গিতপূর্ণ কথা বলার অভিযোগের তদন্তে শুক্রবার তদন্ত কর্মকর্তাদের মুখোমুখি হন ৪৩ বছর বয়সী এই গায়ক।
এর আগে পুলিশ তাকে তিনবার তলব করলেও তিনি উপস্থিত হননি। অবশেষে চতুর্থবার তলব করা হলে নির্ধারিত দিনে হাজির হয়ে তিনি বক্তব্য রেকর্ড করান। জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে গণমাধ্যমের কোনো প্রশ্নের জবাব না দিয়েই স্থান ত্যাগ করেন তিনি।
আইনি প্রক্রিয়া ও লুকআউট নোটিশের হুঁশিয়ারি
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এর আগে তিনবার তলব করা হলেও বিদেশে অবস্থানের দোহাই দিয়ে পুলিশে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন হানি সিং। পরবর্তীতে ১৬ অক্টোবর সাইবার পুলিশের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলে গায়ক ২২ অক্টোবর পর্যন্ত সময় প্রার্থনা করেন। তবে পুলিশ তার সেই আবেদন নাকচ করে দেয় এবং নির্ধারিত দিনে হাজির না হলে দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত সতর্কতামূলক নোটিশ জারির হুঁশিয়ারি দেয়। ফলে বাধ্য হয়েই নির্ধারিত সময়ে সাইবার অফিসে পৌঁছান এই সংগীতশিল্পী।
ঘটনার সূত্রপাত ও ক্ষমা প্রার্থনা
২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দিল্লির একটি কনসার্টে হানি সিংয়ের কথিত অশালীন মন্তব্যের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মুম্বাইয়ের এক বাসিন্দা এ বিষয়ে সাইবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। কড়া সমালোচনার মুখে গায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন। সে সময় তিনি ব্যাখ্যা দেন, তরুণ প্রজন্মের সঙ্গে মেলামেশা বা সংযোগ তৈরি করতে গিয়ে ভুলবশত অনুপযুক্ত ভাষা ব্যবহার করে ফেলেছেন এবং কাউকেই আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।
পুরোনো গান ঘিরেও আইনি বিপাক
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে হানি সিং ও বাদশাহর বিতর্কিত পুরোনো গান ‘ভলিউম ওয়ান’ নিয়েও কড়া আইনি পদক্ষেপ নেয় দিল্লি হাইকোর্ট। গানটির কথাগুলোকে অশালীন ও নারীর জন্য অপমানজনক আখ্যা দিয়ে সামাজিক মাধ্যম ও ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে এর যাবতীয় লিংক সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। 'ব্রাউন রং', 'লুঙ্গি ড্যান্স'-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা হানি সিং দীর্ঘদিন ধরে ভারতীয় সংগীতাঙ্গনে সফল হলেও, সাম্প্রতিক এসব বিতর্ক ও আইনি জটিলতা তার ক্যারিয়ারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।