সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পূজার সাজে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী | প্রেম ও কর্মজীবনের ভাবনা
‘কাজলরেখা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন কোনো চলচ্চিত্রে আপাতত চুক্তিবদ্ধ না হলেও বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে তাঁর আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অদূর ভবিষ্যতেই তাঁকে নতুন সিনেমায় দেখা যেতে পারে। বর্তমানে তিনি পূজার আনন্দে মত্ত রয়েছেন। সম্প্রতি পূজার সাজে তোলা তাঁর একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
মন্দিরা চক্রবর্তী রবীন্দ্রসংগীত পছন্দ করেন এবং প্রায়ই গুনগুন করে গান গেয়ে থাকেন। পূজার সময়ের কিছু ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই লাইনগুলো ক্যাপশনে জুড়ে দিয়েছেন: ‘আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব/ আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব/ ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে/ প্রেমকে আমার মালা ক’রে গলায় তোমার দোলাব।’ এই স্থিরচিত্রগুলো দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘সবগুলো ছবিই সুন্দর, কিন্তু পরিবেশের সঙ্গে মিলিয়ে আপনার লুকটা একদম ঠিকঠাক লাগছে। সবগুলো একসঙ্গে দেখে ভালো লাগল।’ আবার কেউবা ‘চমৎকার! মন ছুঁয়ে যায়। শুভকামনা’ লিখে শুভকামনা জানিয়েছেন।
মন্দিরাকে ঘিরে প্রেমের গুঞ্জন থাকলেও এ বিষয়ে তিনি বেশ স্পষ্টবাদী। তাঁর মতে, ‘প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমার মনে হয়, প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে।’ তবে বিয়ে নিয়ে তাঁর বর্তমান মনোভাব ভিন্ন। তিনি বলেছেন, ‘এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই, পরিবার থেকেও এখন প্রেশার নেই। এখন কাজে মনযোগ দিতে চাই।’
ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা হিসেবে কল্পনা করতেন মন্দিরা চক্রবর্তী। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও তাঁকে ‘নায়িকা’ নামেই ডাকতেন। নাচের প্রতি তাঁর বিশেষ ঝোঁক থাকায় প্রথমে নাচের মাধ্যমেই বিনোদন জগতে তাঁর প্রবেশ ঘটে। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে পথচলা শুরু হয় তাঁর। এরপর তিনি অভিনয়ে যুক্ত হন এবং এরই মধ্যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’য় নামভূমিকায় অভিনয় করে মন্দিরা ব্যাপক আলোচনায় আসেন, যেখানে তাঁর বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এরপর মুক্তি পায় তাঁর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘নীলচক্র’, যেখানে তিনি আরিফিন শুভর বিপরীতে কাজ করেন।
‘নীলচক্র’ মুক্তির পর কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মন্দিরা জানান, ‘আমার কাছে কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। গল্প শুনেছি, শুনছিও। কয়েকটি ছবি না-ও করেছি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি।’ অভিনয়ে নাচের সুযোগ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেলেন মৌসুমী, কবে ফিরছেন দেশে?
৩ দিন আগে
সংগীতশিল্পী হানি সিংকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
৪ দিন আগে
প্রথমবার দৌড়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ঐশী
৫ দিন আগে