সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুমিল্লায় পুলিশের ৩ দিনের বিশেষ অভিযান | নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার
কুমিল্লা জেলাজুড়ে পরিচালিত তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মোট ৮১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া (তিনি কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক), মনোহরগঞ্জের খিলা ইউনিয়ন আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এবং হোমনার দুলালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা।
জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, অভিযানকালে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, চৌদ্দগ্রাম ও বরুড়া থানায় ১০ জন করে, চান্দিনা থানায় ৭ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট, লালমাই ও বাঙ্গরা বাজার থানায় ৪ জন করে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বুড়িচং ও হোমনায় ৩ জন করে, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা ও দেবীদ্বারে ২ জন করে এবং তিতাস ও মুরাদ্বনগরে ১ জন করে নেতা-কর্মী গ্রেপ্তার হন। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করে আরও ২ জনকে।
অন্যান্য গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সোবহান, রায়কোট উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ভূঁইয়া, ভাওরখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কাদের জিলানী ও হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল আউয়াল। একই সঙ্গে বরুড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লাকসামের সাংগঠনিক সম্পাদক মীর মোরছালীন আল আমিন নিশাদ (২১) এবং মুরাদ্বনগরের উপ–আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন পন্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। অরাজকতা ও নাশকতা প্রতিরোধে পুরো জেলায় একযোগে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি অনেকের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইন ও নাশকতার মামলা রয়েছে এবং তাঁদের আইনগত প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।