সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আওয়ামী লীগ নেতাদের কাছে গোপন বার্তা পাঠানোর অভিযোগে পুলিশ সুপার জাহাংগীর গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড
কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে সখ্য রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বার্তার আদান-প্রদানের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পর আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী বাদী হয়ে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এই মামলাটি দায়ের করেন। মামলা গ্রহণের পর রাতেই তাঁকে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত এই কর্মকর্তা ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত এসপি জাহাংগীর আলম তাঁর ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে বিদেশে অবস্থানরত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়মিত তথ্য ও দিকনির্দেশনামূলক বার্তা পাঠাতেন। গত ৮ নভেম্বর রাতে তিনি একাধিক পলাতক নেতাকে পাঠান বেশ কিছু বার্তা। যার একটিতে তিনি লেখেন—'ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে।' অন্য একটি বার্তায় তিনি লেখেন—'রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।'
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এসপি জাহাংগীরের দুটি মুঠোফোন প্রথমে জব্দ করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও ডিজিটালি আদান-প্রদান করা বার্তার সত্যতা পাওয়া যায়। ঘটনার প্রাথমিক অনুসন্ধানের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তাঁর বিরুদ্ধে এই নিয়মিত মামলা করা হয়েছে এবং আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাংগীর আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে সব অভিযোগ অস্বীকার করে এসপি জাহাংগীরের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁদে ফেলা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাঁর ফোন হ্যাক করে এসব বার্তা পাঠানো হতে পারে বলে দাবি করেন তিনি।