সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পতন ঘটাতে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে প্রয়োজনীয় রাজনৈতিক সাহস দেখানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি আইনপ্রণেতা আহমেদ টিবি। তিনি জানান, নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে আইজেনকোটের নেতৃত্বে কোনো সংখ্যালঘু সরকার গঠিত হলে ফিলিস্তিনি দলগুলো বাইরে থেকে সেটিতে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আহমেদ টিবি ১৯৯৩ সালের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেন। ওই সময় তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী আইজাক রাবিন ফিলিস্তিনি দলগুলোর বাইরে থেকে পাওয়া সমর্থনের ভিত্তিতেই একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করেছিলেন। একই ধরণের পদক্ষেপ নিয়ে বর্তমান নেতানিয়াহু সরকারের বিদায় ঘণ্টা বাজাতে আইজেনকোটের প্রতি জোর আহ্বান জানান টিবি।
প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে। ফলশ্রুত, তাদের সমর্থন ব্যতীত নেতানিয়াহু বা বিরোধী কোনো পক্ষের জন্যই এককভাবে সরকার গঠন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের আসনসংখ্যা আগের ৬৪টি থেকে কমে ৫৩টিতে নেমে এসেছে।
ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর এই অর্জনকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন আহমেদ টিবি। তবে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানান, ভোটাধিকারকে কাজে লাগিয়ে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা এবং ইসরাইলে ফিলিস্তিনি নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই তাঁদের প্রধান রাজনৈতিক লক্ষ্য।