সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩
কুষ্টিয়ার মিরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চার মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত যুবকের নাম জাকারিয়া ইসলাম (২৩)। তিনি দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
আহত অটোচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালক মনিরুলসহ চারজন যাত্রী আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে আহত মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) এবং তার পুত্রবধূ তামান্না (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই মেহেরপুরের গাংনী এলাকার বাসিন্দা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।