সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিভাদের বিকাশ ও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি স্টেডিয়ামে আনন্দঘন আবহ তৈরি করে।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্যালারিতে শিক্ষার্থী ও ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠেই প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান। এছাড়াও টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ সোয়েব শফিক এতে অংশগ্রহণ করেন।
আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়াসুলভ সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করেছে এবিজি স্পোর্টস সিটি। আয়োজকরা আশা করছেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’
৯ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি
১ দিন আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি
১ দিন আগে