সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণ সহজ করতে কুষ্টিয়ায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে মোট ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ (এ প্লাস) পাওয়া প্রতিটি শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের সূচনাতেই কৃতী শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ.এন.এম. মেশকাত উদ্দিন। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব ইউনুছ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ শেখ এবং ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মো. হেলালউজ্জামান।
এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সংগীতশিল্পী বিপাশা ইয়াসমীন এবং ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ। বক্তারা বলেন, মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের মেধা বিকাশে দারুণ অনুপ্রেরণা জোগায়। এ ধরনের শিক্ষা সহায়তা অব্যাহত থাকলে এ অঞ্চলে শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে এবং নতুন প্রজন্ম দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হয়ে উঠবে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, কেবল প্রাতিষ্ঠানিক ফলের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতে হবে। নিজেদের বহুমুখী যোগ্যতায় গড়ে তুলে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার পরামার্শ দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, "উচ্চশিক্ষার পথে অর্থ যেন কোনো বাধা হতে না পারে, সেই ভাবনা থেকে সাত বছর আগে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি চালু করা হয়। বিগত বছরগুলোর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আজ দেশের শীর্ষস্থানীয় মেডিকেল, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন। তাঁদের এই সাফল্য আমাদের দারুণভাবে উৎসাহিত করে।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তুলে ধরেন লেখক, সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নাজমুল হুদা। স্বপ্নশীলনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদের পরিচালনায় এতে সমাপনী ও ধন্যবাদ বক্তব্য দেন শিক্ষাবৃত্তি কার্যক্রমের আহ্বায়ক ও জাতীয় ক্রীড়া সংগঠক মো. আমিরুল ইসলাম।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ বৃত্তি কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিবান্ধব এবং সুবিধাজনক করতে বিশেষ তদারকি ও ক্যারিয়ারবিষয়ক পরামর্শমূলক সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
১ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
২ দিন আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট
৩ দিন আগে