সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিরল রোগে আক্রান্ত ঝিনাইদহের মেধাবী শিক্ষার্থী ইমন, সহায়তার আকুতি সর্বস্বান্ত বাবার
ঝিনাইদহের কোটচাঁদপুরের অদম্য মেধাবী তরুণ শাহরিয়ার ইমন (২৬) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছেন। এক সময়ের ট্যালেন্টপুল ও গোল্ডেন এ-প্লাস পাওয়া এই তরুণ বর্তমানে বিরল ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ইমন ঝিনাইদহের কোটচাঁদপুর টিএন্ডটি পাড়ার বাসিন্দা ও হোমিও চিকিৎসক মো. আব্দুল হালিমের সন্তান।
ইমনের শিক্ষাজীবন সাফল্যমণ্ডিত। তিনি ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করেন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন থাকলেও, হঠাৎ করেই এক অজানা জটিল পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি।
স্থানীয় ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে রোগ নির্ণয় না হওয়ায়, একমাত্র ভিটেমাটি ব্যাংকে বন্ধক রেখে ছেলেকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান তাঁর বাবা। সেখানে নানা পরীক্ষার পর চিকিৎসকরা জানান, ইমন ‘ক্রনস ডিজিজ’ (Crohn's Disease) নামক একটি জটিল ও বিরল রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে, তাঁকে সুস্থ করে তুলতে একাধিক বড় অস্ত্রোপচারের প্রয়োজন, যাতে খরচ হবে প্রায় ২০ লাখ টাকা।
এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সহায়-সম্পত্তি হারানো এক নিস্ব পিতার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইমন। সহায়তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো সুরাহা না পেয়ে অগত্যা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের দ্বারে আকুল আবেদন জানিয়েছেন তাঁর পিতা। একটি সম্ভাবনাময় প্রাণ বাঁচাতে ইমনের পরিবার সবার সহানুভূতি ও আর্থিক সহযোগিতা কামনা করছে।
সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ (মোবাইল): ০১৯৯৫৬৩২১৭৯; ব্যাংক হিসাবের নাম: আঃ হালিম, হিসাব নম্বর: ০২০০০১৬৭৬৩৪৫৭, অগ্রণী ব্যাংক, কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ।