সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চীন-বাংলাদেশ সরকারি বৃত্তির ৫০ বছর | বেইজিংয়ে বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন পুনর্মিলনী
চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির সুবর্ণজয়ন্তী উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান। পাঁচ দশক আগে যে প্রাঙ্গণে উচ্চশিক্ষার সূচনা হয়েছিল, দীর্ঘ সময় পর সেখানেই আবার পুরোনো সহপাঠী ও বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তারা।
প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি লাভ করে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে (বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি বা বিএলসিইউ) ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, হংকং, অস্ট্রেলিয়া, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মজীবন গড়ে তোলেন।
সেই স্মৃতির টানে সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা বেইজিংয়ে একত্রিত হন। গত ২৬ অক্টোবর বেইজিংয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য পুনর্মিলনী ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্বজুড়ে অবস্থানরত ৩৫ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন। আয়োজকদের দাবি, চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের এত বছর পর একত্রিত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
দীর্ঘ ৪৮ বছর ধরে বেইজিংয়ে অবস্থানরত চায়না হেলথ লিংকের চেয়ারম্যান প্রকৌশলী শামসুল হক অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনের এই পর্যায়ে এসে সেই তারুণ্যের সহপাঠীদের পুনরায় ফিরে পাওয়া এক অভাবনীয় অনুভূতি। এত বছর পর এমন মিলনমেলা হবে, তা ছিল ভাবনার বাইরে।
পুনর্মিলনীর অন্যতম সংগঠক ফরহাদ উল্লাহ জানান, কয়েক দশক আগের সোনালী দিনগুলো আবারও নতুন করে স্মৃতিতে ফিরিয়ে আনা ও পুরোনো বন্ধুদের মাঝে ফিরে আসা এক অসাধারণ অভিজ্ঞতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ছাত্রজীবনের দিনগুলো, পারস্পরিক বন্ধন ও জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে আবেগাপ্লুত হন।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর বিএলসিইউ ক্যাম্পাসে 'বিএলসিইউ বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সাথে অনুষ্ঠিত হয় বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উদ্যাপন ও এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন নিই দানসহ বিশিষ্ট শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করছেন, এই পুনর্মিলনী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন কেবল প্রাক্তনদের পুনর্মিলন নয়, বরং এটি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্ব, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন অধ্যায় সূচনা করল।