সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনী সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার | ১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালিকবিহীন অবস্থায় জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ।
গতকাল রোববার রাতে উপজেলার ধলার মাঠ এবং মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় ৪৭ বিজিবি (কুষ্টিয়া ব্যাটালিয়ন) এই অভিযান পরিচালনা করে। আজ সোমবার দুপুর ১২টায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলা বিওপির অধীন ধলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে টহল দল ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।
একইভাবে, কাজীপুর বিওপির আওতাধীন মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন এবং মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অভিযান চলমান থাকবে।