সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির
সংসার ও সন্তানের দায়িত্ব সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া মোটেও সহজ ছিল না। তা সত্ত্বেও দমে যাননি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন (৩০)। এসএসসি পাসের দীর্ঘ ১৪ বছর পর স্বামীর অনুপ্রেরণায় ফের কলেজে ভর্তি হন তিনি। কঠোর অধ্যবসায়ের পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছেন এই অদম্য নারী।
ক্ষেতলালের নসিরপুর গ্রামের বাসিন্দা আবদুল আলিম মণ্ডলের স্ত্রী রীতি খাতুন ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বর্তমানে তাঁর ১১ বছর বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে সফলভাবে এসএসসি পাস করেছিলেন রীতি। কিন্তু ২০১১ সালে বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের নানা চাপে তাঁর পড়াশোনায় বিরতি ঘটে। দীর্ঘ সময় পড়াশোনার সুযোগ না হলেও মনে সুপ্ত ইচ্ছা ছিল শিক্ষাজীবন শেষ করার।
অবশেষে ২০২৪ সালে স্বামীর সহায়তায় ফের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান রীতি। সাংসারিক কাজ সামলে পড়ালেখা চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। এমনকি আশপাশের মানুষের কটূক্তি ও উপহাসও সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে পড়াশোনা চালিয়ে যান। এই সফলতার পেছনে স্বামী, সন্তান ও শিক্ষকদের অসামান্য অবদান ও অনুপ্রেরণা ছিল বলে জানান রীতি।
রীতির স্বামী আবদুল আলিম মণ্ডল বলেন, স্ত্রীর পড়ালেখার তীব্র আগ্রহ দেখেই তাঁকে নতুন করে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তাঁর এই চমকপ্রদ ফলাফলে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, সাংসারিক দায়িত্ব পালন করেও রীতির এই গৌরবোজ্জ্বল সাফল্য সত্যি প্রশংসনীয়। তাঁর এই অদম্য অধ্যবসায় অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।