সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
স্তন ও প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে কুষ্টিয়ায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ক্যানসার সম্পর্কে সামাজিক অসচেতনতা দূর করা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুষ্টিয়ায় এক সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়ার টিএমএসএস ক্যানসার সেন্টারের কনসালট্যান্ট ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. তৌহিফুর রহমান।
সেমিনারে স্তন ও প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক উপসর্গ, ঝুঁকিপূর্ণ বিষয়গুলো, রোগ নিরাময়ে সময়মতো পরীক্ষার প্রয়োজনীয়তা এবং চিকিৎসা গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সাথে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উপস্থিতদের মাঝে ক্যানসার সম্পর্কিত বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার দূর করার চেষ্টা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের উদ্ধৃতি দিয়ে সেমিনারে জানানো হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ২৩ লাখ নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং একই বছর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রায় ৬ লাখ ৭০ হাজার মানুষ। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে সুস্থতার হার অনেক বেশি থাকে।
ডা. মো. তৌহিফুর রহমান বলেন, "স্তন ক্যানসারের ক্ষেত্রে ত্বকের অস্বাভাবিক পরিবর্তন, কোনো গুটি বা চাকা অনুভব হওয়া এবং নিপেল থেকে কোনো অস্বাভাবিক নিঃসরণ থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। একইভাবে প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে প্রস্রাব ঘন হওয়া, প্রস্রাবের গতি কমে যাওয়া কিংবা রক্ত যাওয়ার লক্ষণ দেখলে পরীক্ষা করানো জরুরি। তবে এসব উপসর্গ দেখা দিলেই যে ক্যানসার হয়েছে তা নয়; সঠিক পরীক্ষার মাধ্যমেই কারণ নিশ্চিত হওয়া সম্ভব।"
সামাজিক লজ্জা, ভয় ও অজ্ঞতার কারণে অনেকেই সঠিক সময়ে ডাক্তারের কাছে যান না উল্লেখ করে সেমিনারে ক্যানসার সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটির মূল বার্তা বা প্রতিপাদ্য ছিল—‘ক্যানসার ভয় আর নয়, বিজয়ীর বেশে লড়লেই হবে ক্যানসারের পরাজয়।’
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুল ইসলাম। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরণের আয়োজনের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নিয়ে অভিভাবকদের উদ্বেগ, নীতিমালার লঙ্ঘন ঠেকানোর দাবি
২ দিন আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
৩ দিন আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
৩ দিন আগে