সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রসগোল্লা | শৈশবের স্মৃতি, ঐতিহ্য ও আধুনিক মিষ্টি শিল্পের বিবর্তন
আমাদের শৈশবের গ্রাম ছিল সরলতায় মোড়ানো এক অন্য ভুবন। আজ থেকে বহুবছর আগে গ্রামের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেসময় প্রায় প্রতিটি গ্রামে গরু দিয়ে আখ মাড়াই করে টাটকা রস বের করা হতো, যা থেকে তৈরি হতো সুস্বাদু গুড়, চিনি ও বিভিন্ন খাবার। শিশুদের কাছে আখ মাড়াইয়ের এই আয়োজন ছিল এক বিশেষ আনন্দের উপলক্ষ। আখের রস আর গুড়ের সঙ্গে সবচেয়ে বড় আকর্ষণ ছিল গ্রাম্য রসগোল্লা। পাশের গ্রামের ঘোষ কাকারা কাঁধে করে মিষ্টির হাঁড়ি নিয়ে গ্রামে গ্রামে ফিরতেন, আর তাঁদের হাঁড়িতে থাকতো আমাদের প্রিয় রসগোল্লা। বন্ধুদের সাথে সেসব রসগোল্লা খাওয়ার কোন হিসাব ছিল না; দাম বা পকেটে টাকা আছে কিনা, তার চেয়ে মিষ্টি খাওয়ার আনন্দটাই ছিল মুখ্য। সেই স্বাদ, সেই প্রতিযোগিতা, সেই দিনগুলো আজও স্মৃতিতে অমলিন। হয়তো সেই শৈশবের ভালোবাসাই মিষ্টির জগতের সঙ্গে আমার আজকের গভীর সম্পর্কের মূল কারণ। সময় পরিবর্তিত হয়েছে, জীবনযাত্রাও পাল্টেছে, কিন্তু রসগোল্লার প্রতি সেই আকর্ষণ আজও অটুট রয়েছে।
রসগোল্লার ঐতিহ্য ও ইতিহাস:
রসগোল্লা কেবল একটি মিষ্টি নয়, এটি বাংলা ও উপমহাদেশের খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ছানা থেকে তৈরি এই গোলাকার মিষ্টি চিনির রসে ডুবিয়ে প্রস্তুত করা হয়, যার স্পঞ্জের মতো নরম গঠন ও রসালো স্বাদ যুগ যুগ ধরে মানুষের মন জয় করেছে। রসগোল্লার উৎস নিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে দীর্ঘ বিতর্ক প্রচলিত। ওড়িশার ঐতিহ্য পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে রসগোল্লার সম্পর্কের কথা বলে, অন্যদিকে কলকাতার নবীনচন্দ্র দাস ১৮৬৮ সালে আধুনিক স্পঞ্জ রসগোল্লা তৈরি করে এর জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে কে সি দাস এই মিষ্টিকে আরও নতুনভাবে জনপ্রিয় করে তোলেন। এই ঐতিহ্য ও স্বাদের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ১৪ নভেম্বর পশ্চিমবঙ্গের 'বাংলার রসগোল্লা' ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ২০১৯ সালে ওড়িশার 'ওড়িশা রসগোলা' এবং ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের গোপালগঞ্জের রসগোল্লাও পৃথক GI স্বীকৃতি অর্জন করে। ১৪ নভেম্বর 'বাংলার রসগোল্লা'র প্রথম GI স্বীকৃতির দিন হওয়ায় প্রতিবছর এই দিনটি 'রসগোল্লা দিবস' হিসেবে পালিত হয়। ব্যক্তিগতভাবে এই দিনটি আমার কাছে আরও বিশেষ, কারণ আমি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মিষ্টিশিল্প প্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসে কর্মরত এবং ১৪ নভেম্বর শুধুমাত্র রসগোল্লা দিবসই নয়, আমার সম্মানিত বস ফ্লোরা ম্যাডামের জন্মদিনও। তাই এই বিশেষ দিনে রসগোল্লা দিবসের শুভেচ্ছার পাশাপাশি তাঁকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আগামী বছর এই বিশেষ দিনে ম্যাডাম সবার জন্য রসগোল্লার আয়োজন করবেন, এই আশাও রাখি!
মিষ্টিশিল্পের বিবর্তন ও আন্তর্জাতিকীকরণ:
রসগোল্লার ইতিহাস নিয়ে বিতর্কের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের ভালোবাসার অংশ হয়ে উঠেছে। একসময় অতিথি আপ্যায়ন, পারিবারিক উৎসব—সবখানেই মিষ্টির হাঁড়িতে রসগোল্লার উপস্থিতি ছিল অনিবার্য। তবে সময়ের সাথে মিষ্টিশিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, প্যাকেজিং এবং বিপণন—প্রতিটি ক্ষেত্রেই যুক্ত হয়েছে আধুনিকতা। মিষ্টি এখন শুধু খাবার নয়, এটি একটি শিল্প, একটি ব্র্যান্ড এবং আন্তর্জাতিক ব্যবসার সম্ভাবনাময় ক্ষেত্র। বাংলাদেশের মিষ্টিশিল্পও দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা করে নিচ্ছে। প্রিমিয়াম সুইটসের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১৫-২০ কোটি টাকার মিষ্টি কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি করেছে, যা বাংলাদেশের খাদ্য সংস্কৃতি ও উদ্যোক্তাদের জন্য এক আশাব্যঞ্জক বার্তা।
প্রিমিয়াম সুইটস: ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়:
মিষ্টিশিল্পের এই আধুনিকায়নের ধারায় প্রিমিয়াম সুইটস একটি অগ্রণী নাম। ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ ও পরিচিতি বজায় রেখে আধুনিক প্রযুক্তি, উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনার সমন্বয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে। ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব ও অবস্থানে কাজ করার সুযোগ আমার হয়েছে। এই দীর্ঘ যাত্রায় কাছ থেকে দেখেছি একটি প্রতিষ্ঠানের পণ্য, ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং ব্যবসায়িক দর্শনের পরিবর্তন। দেখেছি গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি করা এবং একটি দেশীয় ব্র্যান্ডকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়। এই পথচলায় বাংলাদেশ ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রে আমার মতো প্রায় ৫০ থেকে ৬০ জনের কর্মসংস্থান ও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আমাদের মতো অনেক পরিবারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে আমি বিশ্বাস করি, প্রতিষ্ঠানের বর্তমান অর্জন যতটা, সঠিক পরিকল্পনা ও দূরদর্শিতা নিয়ে কাজ করলে ভবিষ্যতে আরও অনেক দূরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
শেষকথা: প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রসগোল্লা:
আজ আমরা আধুনিক উৎপাদন ব্যবস্থা, বাহারি প্যাকেজিং, নতুন স্বাদ ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে। কিন্তু এসবের মাঝেও প্রায়শই মনে পড়ে শৈশবের গ্রামের কথা—আখ মাড়াইয়ের স্থান, টাটকা আখের রস, গুড়ের মিষ্টি গন্ধ, ঘোষ কাকাদের কাঁধে মিষ্টির হাঁড়ি আর বন্ধুদের সাথে রসগোল্লা খাওয়ার আনন্দ। হয়তো সেই গ্রাম, মানুষের জীবনযাত্রা, মিষ্টির দোকান এমনকি ঘোষ কাকারাও বদলে গেছেন। কাঁধে হাঁড়ি নিয়ে গ্রামে ঘোরার সেই দিন এখন আর নেই। ঘোষ কাকাদের স্থান নিয়েছে আধুনিক বিপণন ব্যবস্থা, নতুন প্রজন্মের উদ্যোক্তা এবং আকর্ষণীয় প্যাকেজিং। কিন্তু রসগোল্লা আজও আছে, আগামী দিনেও থাকবে—নতুন রূপে, নতুন প্রযুক্তিতে, নতুন প্রজন্মের ভালোবাসায়। কারণ রসগোল্লা কেবল ছানার তৈরি চিনির রসে ভেজানো একটি গোলাকার মিষ্টি নয়। রসগোল্লা মানে শৈশব, রসগোল্লা মানে স্মৃতি, রসগোল্লা মানে ভালোবাসা, রসগোল্লা মানে বাংলার ঐতিহ্য। সবাইকে রসগোল্লা দিবসের শুভেচ্ছা।
লেখক: এল এল বি (সম্মান), এল এল এম, মাস্টার্স-আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন-চার্জ বাংলাদেশ (অপারেশনস, বিসনেস এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট), প্রিমিয়াম সুইটস।