সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে চার হাজারেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। এর মাধ্যমে রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষক এই প্রণোদনা কর্মসূচির সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ৪ হাজার কৃষককে এক কেজি সরিষার বীজ ও ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এছাড়াও, ৫০০ জন কৃষককে ৫ কেজি মসুরের বীজ এবং ১৫ কেজি সার এবং অবশিষ্ট ১৫০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। এই উদ্যোগ রবি শস্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।