সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রচলিত প্রবৃদ্ধি মডেলে তরুণদের অসন্তুষ্টি | রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ তরুণ সমাজকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, "এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি ও গতিশীলতার যে কথা আমরা প্রায়শই বলি, তা তরুণ জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য আরও বাড়িয়েছে। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বহু দেশের তরুণেরা এই প্রচলিত প্রবৃদ্ধি মডেল নিয়ে অসন্তুষ্ট। ফলস্বরূপ, বিভিন্ন দেশে তরুণদের বিক্ষোভ চোখে পড়ছে এবং জেন-জি প্রজন্মের উত্থানও লক্ষ্য করা যাচ্ছে।"
গতকাল শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর প্রথম দিনের শেষ অধিবেশনে বক্তা হিসেবে ড. রওনক জাহান এসব কথা বলেন। এই অধিবেশনের শিরোনাম ছিল ‘দ্য ফিউচার অব এশিয়া: দ্য সেঞ্চুরিস ডিফাইনিং রিজন’ (এশিয়ার ভবিষ্যৎ: শতকের সংজ্ঞায়িত অঞ্চল)।
এশিয়ার আগামী নেতৃত্ব আজকের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে উল্লেখ করে রওনক জাহান আরও বলেন, তরুণেরা কীসের বিরুদ্ধে, তা আজ স্পষ্ট। তাঁরা বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে। তাঁদের চাওয়া একটি ন্যায়সংগত ও সমতাভিত্তিক সমাজ। এখন প্রয়োজন তরুণদের এই দৃষ্টিভঙ্গিকে রাষ্ট্রের নীতি ও পরিকল্পনায় কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা।
যেকোনো বড় সংকটকালে জাতিগত ঐক্যকে জাতির অন্যতম প্রধান শক্তি হিসেবে আখ্যায়িত করে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, "আমরা সবাই একমত যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু গত ১৭ বছরে আমাদের দেশে একটি প্রজন্মকে রাজনীতিবিমুখ করে তোলা হয়েছে, যাতে তারা জাতি গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে না পারে। তরুণদের বুঝতে হবে এটি তাদের দেশ, আর এই দেশ গঠনে তাদেরই প্রধান ভূমিকা নিতে হবে।"
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান জোর দিয়ে বলেন যে, বাংলাদেশের অন্যতম বৃহৎ শক্তি হলো বিদেশে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক। তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। বর্তমানে বিশ্বে ১ কোটি ৫০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ বাংলাদেশি প্রবাস জীবন যাপন করছেন। এশিয়া মহাদেশেও তাঁদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এবং তাঁরা প্রতি বছর ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশকে একটি সক্রিয় ও দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণের পরামর্শ দিয়ে ফারুক সোবহান আরও বলেন, ভারত ও চীনকে আঞ্চলিক সহযোগিতা কাঠামোর মধ্যে ইতিবাচক ও গঠনমূলকভাবে যুক্ত করা এশিয়ার ভবিষ্যতের জন্য অপরিহার্য।
ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের সাবেক পরিচালক এবং ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত তাঁর বক্তব্যে বলেন, ভারত এশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিমেরুকেন্দ্রিক প্রতিযোগিতার বাইরে একটি বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এক্ষেত্রে জাপান ভারতের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে। ভারতের প্রত্যাশা হলো, এশিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা কেবল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এশিয়ার দেশগুলো নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেরাই আলোচনা করবে এবং নিজেদের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
অধিবেশনটি পরিচালনা করেন জাপানের হাডসন ইনস্টিটিউটের অনাবাসিক ফেলো সাটোরো নাগাও। এছাড়া জার্মানির ফ্রেডরিখ এবার্ট স্টিফটুংয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান মার্কো গান্টারও এতে বক্তব্য রাখেন।