সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ম্যানচেস্টার সিটির ৮৭ শতাংশ স্পনসরশিপ আয়ই ছিল সাজানো, তদন্তে প্রমাণ
ম্যানচেস্টার সিটি সাড়ে আট বছরে স্পনসরশিপ থেকে যে বিপুল পরিমাণ আয়ের তথ্য নথিপত্রে দেখিয়েছিল, তার একটি বৃহৎ অংশই ছিল বানোয়াট। অনুসন্ধানে দেখা গেছে, প্রকৃত স্পনসরদের কাছ থেকে ক্লাবটির পকেটে এসেছিল মাত্র ১২ কোটি পাউন্ডের কাছাকাছি, অথচ তারা প্রায় ৯৫ কোটি পাউন্ডের আয় দেখিয়েছিল। এর অর্থ হলো, প্রতি ১০০ পাউন্ড স্পনসর আয়ের প্রায় সাড়ে ৮৭ পাউন্ডই আসল উৎস থেকে আসেনি; বরং ভুয়া চুক্তির আড়ালে এই অর্থ সরাসরি ক্লাব মালিকদের পকেট থেকে ঢালা হয়েছিল।
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়ম তদন্তে গঠিত একটি স্বাধীন কমিশনের অনুসন্ধানী প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র বিশদ বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০০৯ থেকে ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত ইংলিশ এই ক্লাবটি ৯৪৯.৯৪ মিলিয়ন পাউন্ড স্পনসরশিপ আয়ের হিসাব দেখিয়েছিল। তবে কমিশনের যাচাই-বাছাই অনুযায়ী, সত্যিকারের স্পনসরদের কাছ থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল মাত্র ১১৯.২৫ মিলিয়ন পাউন্ড। বাকি ৮৩০.৬৯ মিলিয়ন পাউন্ডই স্পনসর আয়ের নামে মালিকেরা অবৈধভাবে নিজেদের তহবিল থেকে যোগ করেছিলেন।
এই কৌশল অবলম্বন করা হয়েছিল প্রিমিয়ার লিগ এবং ইউরোপীয় ফুটবলের আর্থিক স্বচ্ছতা নীতি (এফএফপি) ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে। নিয়মানুসারে, ক্লাবগুলো তাদের অর্জিত আয়ের বেশি খরচ করতে পারে না। কিন্তু ম্যানচেস্টার সিটি তাদের প্রকৃত আয়ের চেয়ে কৃত্রিমভাবে বাজেট বহুগুণে স্ফীত করে দেখায়। স্পনসরশিপের এই কারচুপির পাশাপাশি খেলোয়াড় ও কোচদের সঙ্গে গোপন চুক্তি এবং ইমেজ রাইটসের অর্থ গোপন করার বিষয়গুলো বিবেচনা করলে, এই সময়কালে সিটির মোট আর্থিক অনিয়মের পরিমাণ প্রায় ৯২ কোটি পাউন্ডে দাঁড়ায়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ম্যানচেস্টার সিটি অনৈতিক ও অবৈধ উপায়ে নিজেদের বাজেট ফুলিয়ে-ফাঁপিয়েই তৎকালীন ফুটবল বাজারে একটি অস্বাভাবিক ও অসম প্রতিযোগিতার সুযোগ তৈরি করেছিল। এরই মধ্যে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
স্বাধীন কমিশনের অনুসন্ধানে আরও দেখা গেছে যে, সিটির মালিকপক্ষ সবচেয়ে বেশি ছদ্মবেশী অর্থায়ন করেছে ২০১৭-১৮ মৌসুমে। সে বছর ১৪ কোটি ৫৭ লাখ পাউন্ডের বেশি স্পনসর আয় দেখানো হলেও, প্রকৃত আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ পাউন্ড। বাকি প্রায় ১৩ কোটি ৪৭ লাখ পাউন্ডই ছিল মালিকদের অর্থ। এর আগে ২০১৬-১৭ মৌসুমে ১৪ কোটি পাউন্ড আয়ের মধ্যে ১২.৯৫ কোটি এবং ২০১৫-১৬ মৌসুমে ১৩.৬১ কোটি পাউন্ডের মধ্যে ১২ কোটি পাউন্ড ছিল ভুয়া আয়।