সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বগুড়ায় হাসপাতালের ৬ তলা থেকে পড়ে নারী রোগীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) ছয়তলা থেকে নিচে পড়ে শিরিন বেগম (৫৫) নামের এক নারী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের একটি গ্রিলবিহীন জানালা দিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিরিন বেগম বগুড়া শহরের উপকণ্ঠ ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শজিমেক হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন শিরিন বেগম। সেখানে তার চিকিৎসা চলছিল এবং পরিচর্যার জন্য তার স্বামী সঙ্গে ছিলেন। শনিবার রাতে স্ত্রীকে ওয়ার্ডে রেখে তার স্বামী এশার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। ঠিক সে সময়েই অসাবধানতাবশত ওই খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় কোনো সুরক্ষা গ্রিল না থাকায় অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে সুরক্ষা গ্রিল না থাকা এবং রোগীর নিরাপত্তার অভাব নিয়ে সামাজিক অঙ্গনে প্রশ্ন তৈরি হলেও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয় যাচ্ছে পুলিশ।