সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের পবহাটিতে অসহায়দের পাশে সামাজিক সংগঠন | সাপ্তাহিক পুষ্টিকর খাদ্য বিতরণ
ঝিনাইদহের পবহাটি পুকুর পাড় এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে অনন্য এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি সপ্তাহের ন্যায় আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানসম্মত ও পুষ্টিকর একবেলা খাবার বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবহাটি গ্রামের গরিব, বিধবা ও এতিম মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জাহানারা জাবেদ (জে জে) ফাউন্ডেশন, জেনারেল জিয়া ফাউন্ডেশন এবং পবহাটি গ্রামবাসীর যৌথ উদ্যোগে নিয়মিতভাবে এই সাপ্তাহিক খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।
শুক্রবার দুপুরে পবহাটি পুকুর পাড় জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায়দের মাঝে নিজ হাতে পুষ্টিকর খাবার পরিবেশন করেন বিশিষ্ট সমাজসেবক আক্তারুজ্জামান আক্তার।
এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক আসাদুল ইসলাম দুলাল, জাহানারা জাবেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় উদ্যমী যুবক সাইফুল ইসলাম, নয়ন, সাব্বির, রিপন, জয়নুল ও জনিসহ গ্রামের সাধারণ মানুষ।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে অন্তত সপ্তাহের একটা দিন ভালো খাবার তুলে দিতে পারা অত্যন্ত আনন্দের এবং মানসিক তৃপ্তির। ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এই কর্মসূচি শুরু করেছেন এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এলাকার অসহায় মানুষের কল্যাণে সামাজিক সংগঠন ও এলাকাবাসীর এমন মহতি উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।