সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বাপ্পা মজুমদার ও মাসুদ হাসান উজ্জ্বলের যুগলবন্দী | প্রকাশিত হলো নতুন গান ‘গলে যাওয়া সময়’
দেশের সংস্কৃতি অঙ্গনের দুই প্রতিভাবান শিল্পী, জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এবং খ্যাতিমান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সম্প্রতি এক অনন্য সৃষ্টির মাধ্যমে দর্শকদের সামনে এসেছেন। তাদের যৌথ প্রয়াসে আত্মপ্রকাশ করেছে নতুন গান ‘গলে যাওয়া সময়’ এর গানচিত্র। শনিবার (২২ আগস্ট) রাতে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
তিন দশকেরও বেশি সময় ধরে বাপ্পা মজুমদার তার স্বতন্ত্র গায়কী, কথা, সুর ও সংগীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। অন্যদিকে, মাসুদ হাসান উজ্জ্বল মূলত একজন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত হলেও, তিনিও গানের প্রতি গভীর অনুরাগী। এই দুই গুণী শিল্পী একসঙ্গে এসে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দিয়েছেন।
‘গলে যাওয়া সময়’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই, এবং গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটির হৃদয়স্পর্শী ভিডিও নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।
বাপ্পা মজুমদার তার নিজস্ব শৈলীতে এই গানে সময় ও জীবনের এক অদ্ভুত সমীকরণ তুলে ধরেছেন। গানের কথায় রয়েছে দার্শনিক গভীরতা: ‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া/ ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া/ নদীর স্রোতের মতো, অথবা ধূসর ঘোড়ার মতো/ সময় ছুটে যায়, অনন্তে হারায়/ আর আমি থেকে যাই অতীতে/ সময় তো পিছু ফেরে না/’ সুরের দিক থেকেও বাপ্পা তার চিরাচরিত মুন্সিয়ানা দেখিয়েছেন, যা শুনে অনেকেই এটিকে 'অ্যানাদার মাস্টারপিস ফ্রম বাপ্পা মজুমদার' বলে অভিহিত করছেন।