সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পরিবেশ সুরক্ষায় হরিণাকুণ্ডুর ৩টি কবরস্থানে ২৩০টি বৃক্ষরোপণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে তিনটি কবরস্থানে ২৩০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। 'পবিত্র প্রাঙ্গণ হোক সবুজ-সুশোভিত, প্রকৃতি হোক নির্মল'—এই স্লোগানকে ধারণ করে শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের তিনটি কবরস্থান—শান্তি নিকেতন পাবলিক কবরস্থান, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থান এবং মালিতাপাড়া কবরস্থানে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হামিদ পারভেজ মিয়া হিঙ্গারপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে একটি বয়ড়া চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সামাজিক সংগঠন 'হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' এবং 'মোঃ হামিদ পারভেজ মিয়া কল্যাণ ট্রাস্ট' যৌথভাবে এ মহতী উদ্যোগ গ্রহণ করে। আয়োজকেরা আশা করছেন, এই উদ্যোগের ফলে কবরস্থানগুলোর পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং স্থানীয় জীববৈচিত্র্যের টেকসই সুরক্ষা নিশ্চিত হবে।
কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক মোঃ হামিদ পারভেজ মিয়া তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় পবিত্র স্থানগুলোকে সবুজে সাজিয়ে তোলার মধ্য দিয়ে আমরা পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি। এসব গাছ বড় হলে তা বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল হবে। তবে শুধু রোপণই নয়, চারাগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখার দিকেও জোর দেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।