নাসিমা আনিস (ফাইল ছবি)
কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মেহেরপুরের নাসিমা আনিস
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। এবার কথাসাহিত্যে এই সম্মাননা পাচ্ছেন মেহেরপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট কথাসাহিত্যিক নাসিমা আনিস। গতকাল ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই পুরস্কারের তালিকা অনুমোদন করে।
নাসিমা আনিস মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঐতিহ্যবাহী বল্লভপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমানের সহধর্মিণী। এর আগে ২০২১ সালে মেহেরপুরের লেখক রফিকুর রশীদ শিশুসাহিত্যে এই পুরস্কার পেলেও কথাসাহিত্যে নাসিমা আনিসই প্রথম মেহেরপুরবাসী হিসেবে এই বিরল গৌরব অর্জন করলেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্ত অন্যান্যের মধ্যে রয়েছেন কবিতায় মোহন রায়হান, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক এবং শিশুসাহিত্যে হাসান হাফিজ।
নাসিমা আনিসের লেখনীতে সমাজবাস্তবতা, মানবিক টানাপোড়েন ও নারীর আত্মসংগ্রাম নিপুণভাবে ফুটে উঠেছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘কাঞ্চনের জন্য ভালোবাসা’, ‘বৃহন্ন্যলা বৃত্তান্ত’, ‘মোহিনীর থান’ ও ‘কিডনির কারবার’। এছাড়া তাঁর গল্প ‘কয়লা নামে কোনো জায়গা নেই’ সমকালীন সাহিত্যে বেশ সমাদৃত। এর আগে ২০২৪ সালে তিনি ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ লাভ করেছিলেন।
শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চতর ডিগ্রি নেওয়া নাসিমা আনিস পেশাগত জীবনে ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর এই সাফল্যে মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। জেলাবাসী ও স্থানীয় সাহিত্যিকেরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন
৩ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ
৫ দিন আগে
আলমডাঙ্গায় বইমেলার বর্ণিল সমাপনী : ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণে মুখর শহিদ মিনার চত্বর
১ মাস আগে