সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে সার ডিলার ও শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ জামায়াতের
ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব গুরুতর অভিযোগ তুলে ধরেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।
আলী আজম মোহাম্মদ আবু বকর তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে সীমাহীন অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। তিনি আরও দাবি করেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই অভিযোগের সমর্থনে তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। পাশাপাশি, জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা নিয়েও বক্তব্য দেন দলের নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।