সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হামজা চৌধুরীর বাড়ির উঠান যেন 'মিনি স্টেডিয়াম', বড় পর্দায় খেলা উপভোগ করছেন গ্রামবাসী
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর খেলা দেখতে শনিবার বিকেল থেকেই হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে শত শত মানুষের সমাগম ঘটে। বাড়ির উঠানে বড় পর্দা টাঙিয়ে যৌথভাবে খেলা উপভোগ করছেন গ্রামের উৎসুক মানুষ, যার ফলে পুরো বাড়িটি যেন একটি ‘মিনি স্টেডিয়ামে’ পরিণত হয়েছে।
স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী এবং রাফিয়া চৌধুরীর সন্তান হামজা চৌধুরী লাল-সবুজ জার্সিতে মাঠে নামলেই এই গ্রামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে তাঁর প্রতিটি স্পর্শ ও আক্রমণ দর্শকমহলে ছড়িয়ে দিচ্ছে দারুণ উচ্ছ্বাস।
শারীরিক অসুস্থতার কারণে স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখা সম্ভব হয়নি হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীর। তিনি জানান, "ম্যাচটি সরাসরি দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়ির আঙিনাতেই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সবাই মিলে একসঙ্গে ম্যাচটি উপভোগ করছি।"
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালের প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। তবে গ্রামবাসীর আশা, ম্যাচের দ্বিতীয় ভাগে বাংলাদেশ দল সেরা ফুটবল উপহার দিয়ে জয় ছিনিয়ে আনবে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, "হামজা আমাদের পুরো গ্রামের গর্ব। সে দেশের হয়ে খেলছে—এটি আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয়। তাই সবাই তাঁর বাড়িতে একত্র হয়ে খেলা দেখছি।"
আরেক বাসিন্দা সফিক মিয়া আনন্দ প্রকাশ করে বলেন, "এখানে বসে খেলা দেখে মনে হচ্ছে আমরা যেন স্টেডিয়ামের গ্যালারিতেই বসে আছি।" গ্রামের তরুণ জসিম চৌধুরী জানান, "হামজার জন্য গ্রামের সবাই অত্যন্ত গর্বিত। আমাদের চাওয়া, আজ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জয়ী হোক।"