সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
‘চাঁদাবাজ’ বললেই মানুষ বুঝে ফেলে কোন দলের কথা বলা হচ্ছে | এমপি আলী আজম
রাজনৈতিক স্বার্থে দলীয়করণ ও চাঁদাবাজির সংস্কৃতির কঠোর সমালোচনা করে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো: আবু বকর বলেছেন, এখন চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ অনায়াসেই বুঝে ফেলে কোন নির্দিষ্ট দলের কথা বলা হচ্ছে। নির্বাচনে বিপুল প্রত্যাশা নিয়ে জনগণ ভোট দিয়েছিল, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এই অন্যায্য ব্যবস্থা, চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধের লক্ষ্যে এবং ৭ দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের উদ্যোগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকাস্থ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামী ৩১ আগস্ট ঘোষিত এই লংমার্চ কর্মসূচি সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ দফা দাবি আদায়ের লক্ষে ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে যাত্রা শুরু করে খুলনা হয়ে ঝিনাইদহে আসবেন এবং পথসভা শেষে কুষ্টিয়ায় একটি বড় জনসভায় অংশ নেবেন। ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং নায়েবে আমীর আব্দুল আলিমসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়
১ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা
১ দিন আগে
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি
১ দিন আগে