সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ
মেহেরপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি, অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানি এবং যুবদলের পাঁচ নেতাসহ মোট ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ অক্টোবর মেহেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার তিন দিন পরই এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মামলার বাদী অভিযোগ করেছেন, আসামিরা তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দুই দফায় ৩০ হাজার টাকা আদায় করেন। অবশিষ্ট টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ আমলি আদালতে এই মামলাটি (সিআর নম্বর ১৩০৪/২৬) দায়ের করেন চাঁদপুর গ্রামের বাসিন্দা ও রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৮)।
এজাহারে বলা হয়েছে, বাদী 'চাঁদপুর ট্রান্সপোর্ট' নামে সবজি লোডিংয়ের ব্যবসা পরিচালনা করেন। দীর্ঘ দিন ধরে আসামিরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁর ট্রাক আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি দুই কিস্তিতে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাকি এক লাখ সত্তর হাজার টাকা আদায়ের জন্য তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল।
এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে তারিকুল ইসলাম মেহেরপুর শহরের বিএডিসি অফিসের সামনে গেলে আসামিরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি চায়ের দোকানের ভেতরের কক্ষে নিয়ে যান। সেখানে বাকি চাঁদার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিআই পাইপ ও লোহার রড দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। এ সময় অন্যান্য আসামিরাও কিল-ঘুষি ও লাথি মেরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে নির্যাতনের পর বাদী জ্ঞান হারালে অভিযুক্তরা তাঁকে দোকানের পাশে ফেলে রেখে চলে যান। পরবর্তীতে এক পথচারী তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ২৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদী আরও অভিযোগ করেছেন যে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলা না করার জন্য তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে।
মামলায় নাহিদ মাহবুব সানি ছাড়াও যুবদল নেতা মিঠুন আলী, শাকিল, রবি, তারিক ও শফিকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩৬৭, ৩৬৮, ৩৮৫, ৫০৬(২) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
৮ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
৯ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং
১০ ঘন্টা আগে