সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | ২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশের শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও শ্রমিক ভাই-বোনদের সঙ্গে নিয়ে এই চক্রান্তের কড়া জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রাপথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছর ধরে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল, অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তারা এখন সীমান্তের ওপার থেকে চক্রান্তের নকশা আঁকছে। দেশের অর্থনীতি স্থবির করতে ও শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে তারা কলকারখানায় হামলার পথ বেছে নিয়েছে।
শ্রমিকদের অধিকার ও জীবনমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। নতুন বোর্ড তাদের কাজ শুরু করেছে এবং আগামী দুই-এক মাসের মধ্যেই শ্রমজীবী মানুষের জন্য নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে।
খুলনা অঞ্চলের শিল্প গৌরব ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও জানান, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান তৈরিতে নতুন দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং চীন সরকারের সিআরসিসি প্রতিষ্ঠানের সঙ্গে ইনভেস্ট বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠানে যোগ দেন। পথসভা শেষে মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে খুলনায় অনুষ্ঠিত 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)'-এর শুভ উদ্বোধন করেন।