আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত
আলমডাঙ্গা যেন একদিনের জন্য ফিরে গেল তার জল-নদী-বিলের স্মৃতির আবাহনে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক মনে করিয়ে দিতে রঙিন ব্যানার, স্লোগান আর প্রত্যয়ের পদচারণায় আলমডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০২৬। ০২ ফেব্রুয়ারি রবিবার দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও নানা কর্মসূচি। এ বছরের প্রতিপাদ্য ছিল “জলাভূমি ও ঐতিহ্যগত জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।
উপজেলা মুক্ত মঞ্চ থেকে শুরু হওয়া র্যালিটি পদযাত্রা করে আল-তাইয়েবা মোড়ে এসে পথসভায় রূপ নেয়। পথসভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেওয়া হয়। পরে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তিনি আলমডাঙ্গার মৃত্যপ্রায় কুমার নদের করুণ চিত্র তুলে ধরে বলেন, একসময় যে নদী জীবন দিত, আজ তা অবহেলায় নিঃশেষ হওয়ার পথে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কুমার নদ কেবল স্মৃতিতেই থাকবে।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান বলেন, জলাশয় হারিয়ে গেলে শুধু পানি নয় হারিয়ে যাবে পাখি, মাছ আর প্রাণের স্পন্দন। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এরপর সংগঠনের সভাপতি সাঈদ এম. হিরন স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপি পাঠ শেষে র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, জলাভূমি ধ্বংস মানেই জীববৈচিত্র্যের মৃত্যু। একই সঙ্গে তিনি কুমার নদে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের উদ্যোগের কথা জানান। জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার কাজের প্রশংসা করে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পথসভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান বলেন, জলাভূমি শুধু পানি বা মাছের জায়গা নয় এটি আমাদের সংস্কৃতি, জীবিকা আর জীবনের অংশ। জলাভূমি ধ্বংস হলে কৃষি, মৎস্য, পাখি ও মানুষের জীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দখল, দূষণ ও অব্যবস্থাপনায় আলমডাঙ্গার নদ-নদী ও বিল আজ অস্তিত্ব সংকটে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জনাব আমিরুল ইসলাম জয়, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এবং সংগঠনের সকল সদস্য।
জলাভূমির এই দিনে আলমডাঙ্গা যেন বলেই দিল। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, জলাভূমি বাঁচলে বাঁচবে আগামী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
১ দিন আগে