সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই মাস পর আবারও একটি পুকুরে কুমিরের দেখা মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে প্রাণীটিকে দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে প্রথম কুমির দেখা গিয়েছিল। সে সময় ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দল ও বন বিভাগ চেষ্টা চালিয়েও সেটির সন্ধান মেলেনি। স্থানীয়দের ধারণা, আগের সেই কুমিরটিই হয়তো স্থান পরিবর্তন করে মুসাপুরের এই পুকুরে এসেছে। তবে উদ্ধার না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার কার্যক্রমের বিষয়ে বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল জানান, পুকুরে কুমিরের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সেটিকে উদ্ধারের জন্য পাম্পের মাধ্যমে পানিনিষ্কাশনের কাজ চলছে। ইতিমধ্যে পুকুর থেকে প্রায় দেড় ফুট পানি কমানো সম্ভব হলেও এখনো সাত থেকে আট ফুট পানি রয়ে গেছে। পানি কিছুটা কমে এলে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, পুকুরে কুমিরটি শনাক্ত করার পর উদ্ধার করতে পানিনিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ও স্থানীয়দের দুটিসহ মোট তিনটি পাম্পের সাহায্যে পানি সেচা হচ্ছে।
এদিকে পুকুরে কুমির ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমায়। একই সঙ্গে লোকালয়ের জলাশয়ে কুমিরের উপস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে অনেকেই পুকুরে নামা বন্ধ করে দিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক
৫ দিন আগে
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
১ সপ্তাহ আগে
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ
১ সপ্তাহ আগে