সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেসির স্কুলের মার্কশিট ফাঁস | গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির পুরোনো স্কুলের একটি নম্বরপত্র, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফাঁস হওয়া মার্কশিট তার কৈশোরের শিক্ষাজীবনের এক ঝলক তুলে ধরেছে, যখন ফুটবলই ছিল তার ধ্যানজ্ঞান।
১৩ বছর বয়সে মেসি রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। প্রকাশিত নম্বরপত্রটি সেই সময়কার কোনো এক পরীক্ষার, যদিও নির্দিষ্ট পরীক্ষার নাম জানা যায়নি। মেসি তখন নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন এবং খেলার মাঠেই কাটাতেন তার দিনের বেশিরভাগ সময়। প্রচলিত ধারণা, খেলায় মত্ত থাকলে পড়াশোনায় মন বসে না – মেসির ক্ষেত্রে এই কথাটি অবশ্য পুরোপুরি সত্য প্রমাণ হয়নি। তার সপ্তম শ্রেণির ফলাফল অন্তত সে কথাই বলছে।
নম্বরপত্রটি বিশ্লেষণ করলে মেসির ভবিষ্যতের ইঙ্গিতও পাওয়া যায়। শারীরিক শিক্ষায় তিনি পেয়েছিলেন সর্বোচ্চ ১০-এ ১০, অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সঙ্গীতে তার স্কোর ছিল ৮। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে তিনি ৬ করে নম্বর পান। ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে (যা পৌরনীতি নামেও পরিচিত) তার প্রাপ্ত নম্বর ছিল ৭।
শিক্ষকদের বর্ণনায় উঠে এসেছে এক ভিন্ন মেসি। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে তার গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসা মেসিকে ‘শান্ত ও লাজুক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে মেসি ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’-কে সোসা বলেন, “সে খুবই শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু যখনই মাঠে ফুটবল খেলতে যেত, সে সম্পূর্ণ বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।” স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি তার গভীর অনুরাগের কথা বলেছেন, “সে খুব শান্ত ছিল; কিন্তু তার অনেক বন্ধু ছিল। সবাই তার সাথে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলেই তারা সবার আগে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতায় নামত। খেলাধুলা সব সময়ই ছিল তার আবেগ।”
মেসি নিজেও স্বীকার করেছেন, পড়াশোনা কখনোই তার সবচেয়ে শক্তিশালী দিক ছিল না। রোজারিওতে তার শৈশবের দিনগুলো স্মরণ করে তিনি বলেন, “সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।” তিনি আরও জানান, স্কুল বাড়ির কাছে হওয়া সত্ত্বেও তিনি প্রায়শই দেরি করে পৌঁছাতেন। বার্সেলোনায় চলে যাওয়ার পরও তার ছাত্রজীবনে বড় কোনো পরিবর্তন আসেনি। মেসি জানিয়েছেন, ক্লাসে তারা খুব মজা করলেও পড়াশোনা তাদের অগ্রাধিকারের তালিকায় ছিল না। তার কথায়, “আমরা যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি; আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।”
বর্তমানে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি এখন ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত। দেশের হয়ে বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ইউরোপের ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জয় করেছেন। সাফল্যের শীর্ষে পৌঁছেও মেসি তার শৈশবের স্কুলকে ভোলেননি। তারকা হয়ে ওঠার পর তিনি একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন এবং বিভিন্ন অনুদান দিয়েছেন। তার অনুদানে স্কুল কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। খেলার মাঠের বেঞ্চগুলোও মেরামত করা সম্ভব হয়েছে, যেখানে একসময় মেসি খেলার বিরতিতে খেলতেন। রোজারিওর লাস হেরাস এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠান আজ মেসির শৈশবের স্মৃতি বিজড়িত এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)
৬ ঘন্টা আগে
আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি
১ দিন আগে
মাদক, সন্ত্রাস ও অবক্ষয়মুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই | ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা
২ দিন আগে