আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মানবন্ধন | আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
একটি শিশুর নিরাপত্তা ও সম্ভ্রমের প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে আলমডাঙ্গা। পবিত্র কোরানের হাফেজ সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে পুলিশ গ্রেফতার করলেও ক্ষোভ থামেনি অভিভাবক ও সচেতন এলাকাবাসীর। বরং ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে হেনস্তা, হুমকি এবং অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযুক্ত শিক্ষক ছাড়াও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন অভিভাবক ও আলমডাঙ্গার সচেতন নাগরিকেরা।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাইরোডে 'অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসী'র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে গ্রেফতার শিক্ষক জাহিদের বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী আলমডাঙ্গার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী এবং পবিত্র কোরআনের হাফেজ। তার মা ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। সেই সুবাদে প্রায় আট মাস আগে মেয়েকে বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য ওই প্রতিষ্ঠানের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে দায়িত্ব দেওয়া হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক জাহিদ বিভিন্ন সময়ে শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। ভয়ভীতি দেখানোর কারণে প্রথমদিকে শিক্ষার্থী বিষয়টি কাউকে জানাতে সাহস পায়নি। এ ঘটনার পর শিশুটির আচরণে বড় ধরনের পরিবর্তন আসে। সে ভীত ও চুপচাপ হয়ে পড়ে। খাওয়াদাওয়ার প্রতি অনীহা দেখায়, আড়ালে কান্নাকাটি করে। একপর্যায়ে গৃহশিক্ষকের কাছে পড়তে অনীহা প্রকাশ করলে মা কারণ জানতে চান। পরে খালাতো বোন ও মায়ের কাছে নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও হয়রানির কথা খুলে বলে সে।
এদিকে, অভিযোগের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটির পরিচালক ভুক্তভোগী পরিবারের সদস্যদের হেনস্তা ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, পরিচালকের কাছে প্রতিকার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে অপমান করা হয়। চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরিবারের অভিযোগ, প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের স্টাফ মিটিংয়েও তাকে ( শ্লীলতাহানির শিকার শিশুটির মাকে) হেনস্তা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন শিশুর নিরাপত্তা ও সম্ভ্রমের চেয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বড় হতে পারে না। শিক্ষকের মতো দায়িত্বশীল পেশায় থেকে কেউ যদি শিক্ষার্থীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপরাধের অভিযোগ জানাতে গিয়ে কোনো অভিভাবক যেন উল্টো অপমান ও হুমকির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বিষয়টি শুধু একটি পরিবারের নয়; আলমডাঙ্গার প্রতিটি অভিভাবকের উদ্বেগের বিষয়। কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। অভিযুক্ত শিক্ষক ছাড়াও অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে হেনস্তার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খানম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন, খন্দকার আব্দুল কাদের, সোহানুর রহমান, মোল্লা ফারুক ইসলাম, মাহমুদুল হক তন্ময়, আব্দুর রশিদ মঞ্জু, সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম খান, মাহমুদুল হক, সেলিম, জসিম, তাওহীদ মুসাব, মঞ্জুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল ও রাকিব আহমেদসহ অনেকে।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অভিযুক্ত শিক্ষক জাহিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, পৃষ্ঠপোষকতার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা তদন্ত করে বিচার করা এবং ঘটনার পেছনে সংশ্লিষ্ট সবার ভূমিকা খতিয়ে দেখে পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ দায়ীদের আইনের আওতায় আনা।
এদিকে, মানববন্ধন থেকে শিশুটির পরিচয় ও সামাজিক মর্যাদা রক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা এবং জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তার মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
একটি শিশুর কান্না যেন কোনো প্রতিষ্ঠানের সুনামের আড়ালে চাপা না পড়ে—এমন প্রত্যাশা থেকেই মানববন্ধনে অংশগ্রহণকারীরা আইনসম্মত ও শান্তিপূর্ণ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের দাবি, শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শুধু অভিযুক্ত ব্যক্তির বিচার নয়, অভিযোগের পর যারা ভুক্তভোগী পরিবারকে চাপে রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের ভূমিকাও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোকে গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে থানা ঘেরাও ও শহর অচলসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে