সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ আছে সবার জন্য
দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি ধীর হতে পারে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-মি-উই-৫ (SMW-5) কেবলে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে সারা দেশে ইন্টারনেটের গতি কিছুটা কমে যেতে পারে কিংবা সেবা আংশিক বিঘ্নিত হতে পারে।
বিএসসিপিএলসি জানায়, দ্বিতীয় সাবমেরিন কেবলে কাজ চললেও দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) দিয়ে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, একটি কেবল বন্ধ থাকলেও বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, তবে চাপের কারণে গ্রাহক পর্যায়ে ধীরগতি অনুভূত হতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএসসিপিএলসি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।