সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সপ্তাহব্যাপী জামায়াত জোটের বিক্ষোভের ডাক
গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, জেলা ও মহানগরে বিক্ষোভ এবং জাতীয় সেমিনার। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হবে। এ ছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (মুক্তিযোদ্ধা হল) জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে। ৫ কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির ভিন্নমত (নোট অব ডিসেন্ট) খারিজ করে দিলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই জনরায় উপেক্ষা করা হচ্ছে। এর ফলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে ধাবিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
এর আগে সকালে আল-ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা গণভোটের রায় বাস্তবায়ন ও দেশের বর্তমান জ্বালানিসংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।