সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে দেখছে ইসলামাবাদ। গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ মন্তব্য করেছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার দেশটিতে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে রয়েছে একটি সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।
গত বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার সফরসঙ্গীরা ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠকে জারদারি বলেছেন, "বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন এই সম্পর্কের মূল ভিত্তি।"
বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং নাসের রহমান। এছাড়াও, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বৈঠকে উপস্থিত ছিলেন।
পাকিস্তানের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, সিনেটর শেরি রহমান ও সেলিম মান্ডভিওয়ালা, জাতীয় পরিষদের সদস্য নাভিদ কামার ও শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং জাতীয় পরিষদে পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক।
পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফররত বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে প্রধানমন্ত্রীর বাসভবনে এক নৈশভোজের আয়োজন করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্পিকার ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।
দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক নৈকট্যের কথা স্মরণ করিয়ে শাহবাজ শরিফ প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের ব্যাপক কর্মসূচির কথা উল্লেখ করে শাহবাজ শরিফ জানান, সংসদীয় ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, নিয়মিত সংসদীয় প্রতিনিধিদলের সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
প্রতিরক্ষা সহযোগিতায় প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জারদারি উল্লেখ করেন, সংসদীয় প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও উভয় পক্ষের লাভের ভিত্তিতে একটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, জারদারি সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের নতুন গতিশীলতার কথা তুলে ধরেন। বিশেষ করে উচ্চপর্যায়ের সফর বিনিময়, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন জারদারি।
পাকিস্তানের প্রেসিডেন্টের মতে, এই সমঝোতা স্মারকগুলো দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
জারদারি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন জারদারি।
সরাসরি ফ্লাইট ও নৌ যোগাযোগ বাড়ানোর তাগিদ
দুই দেশের যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
আগামী জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে জারদারি স্বাগত জানান। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহজ করতে দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখারও আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনায় জারদারি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম।
এ পরিস্থিতিতে অগ্রাধিকারমূলক বাণিজ্যব্যবস্থা (পিটিএ) চালু এবং সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো, যেমন - যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) ও বাণিজ্যবিষয়ক যৌথ কার্যকরী দল, কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান জারদারি।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত জেইসি বৈঠকে যেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, সেগুলোতে অগ্রগতি অর্জনের ওপরও গুরুত্ব দেন জারদারি।
সরকার থেকে সরকার পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করেন জারদারি।
জারদারির মতে, এই সহযোগিতার ভিত্তিতে খাদ্যনিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে দুই দেশ আরও বিস্তৃত সহযোগিতা গড়ে তুলতে পারে।
বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণে সহায়তার প্রস্তাবও দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি জানান, পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেস (পিআইপিএস)-এ বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে।
চীন-বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতায় অগ্রগতি
চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোর আওতায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি।
পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিশেষ করে ২০২৫ সালের ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সহযোগিতার ১২টি অগ্রাধিকার খাত চিহ্নিত হওয়ার বিষয়টি উল্লেখ করেন জারদারি।
জারদারি ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের প্রতি পাকিস্তানের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের স্পিকারের বক্তব্য
পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট জারদারিকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নিয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণা করেন হাফিজ উদ্দিন আহমদ।
হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিয়মিত প্রতিনিধিদল বিনিময় ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের পার্লামেন্টের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।
সাম্প্রতিক সময়ে সম্পর্কের উন্নতি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্কের উন্নতি হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্কে অনেক টানাপোড়েন ছিল।
গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক।
ওই বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ঢাকা সফর করেন। সেই সফরে তিনি বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত
১ ঘন্টা আগে
মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ
১ দিন আগে
চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী
১ দিন আগে