সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় হামাসের এক উচ্চপদস্থ কর্মকর্তা, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তান নিহত হয়েছেন। বুধবার ভোরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং চিকিৎসা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত কর্মকর্তার নাম কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ। তিনি উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের উপকূলের কাছে অবস্থিত বিচ শরণার্থীশিবিরে আবুয়েলুফের অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পরবর্তীতে, বুধবার সকালে গাজা শহরের উত্তরাঞ্চলের কারামা এলাকায় ইসরায়েল আরও একটি বিমান হামলা চালায়, যাতে একজন নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী আবুয়েলুফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, তিনি হামাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সন্ত্রাসবিরোধী অভিযান প্রতিহত করতে কৌশল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখতেন।
এদিকে, হামাস অভিযোগ করেছে যে গাজা উপত্যকায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালীন এবং সাম্প্রতিক সময়েও আবুয়েলুফ ইসরায়েলি সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর জোরালো হামলা সংগঠিত করতে সহায়তা করেছেন। এছাড়া, ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজেও তিনি জড়িত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজা উপত্যকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেলকে হত্যা করে। সেসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছিলেন যে, তাঁর দেশের ‘লম্বা হাত’ থেকে হামাসের রেহাই পাওয়ার কোনো উপায় নেই।
আবু নাহেল হামাসের এই নিরাপত্তা বিভাগটি পরিচালনা করতেন, যেখানে কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। এই বিভাগের কাজ ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার সন্দেহে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েলের সামরিক পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা থামেনি। ইসরায়েল দাবি করে যে তারা শুধুমাত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালায়, কিন্তু এসব হামলায় বহু বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
এই যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ৫ জন ইসরায়েলি সেনাও মারা গেছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্তৃপক্ষের পৃথক হিসাব থেকে এই তথ্য জানা গেছে।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি সেনাদের দখলে। যুদ্ধবিরতির সময় গাজার অর্ধেকের বেশি অংশ তাদের দখলে থাকলেও এখন তা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গাজার উপকূল ঘেঁষে খুব সামান্য একটি অংশই কেবল হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গাজায় এই ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১
সম্পর্কিত সংবাদ
মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ
১ দিন আগে
চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী
১ দিন আগে
কপ৩১ | চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি
২ দিন আগে