সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে এক সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখল ও স্থায়ী স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তার স্বজনদের বিরুদ্ধে কোটি টাকা মূল্যের জমি দখলের এই অভিযোগ উঠে এসেছে।
ভুক্তভোগী দৈনিক সকালের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম জানান, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ ও আরএস ৪৯১০ দাগের মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশের প্রকৃত মালিক তিনি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই জমির সমস্ত আইনি কাগজপত্র, নামজারি, খতিয়ান, খাজনা দাখিলা এবং দেওয়ানি মামলার রায় তার অনুকূলেই রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ফলজ ও বনজ গাছ রোপণ করে ভোগদখল করে আসছিলেন।
জানা গেছে, জমির স্বত্ব নিয়ে পারিবারিক বিরোধের জেরে শৈলকুপা দেওয়ানি আদালতে মামলা (নং ৭০/২০০০) গড়ালে ২০১৯ সালে বিচারিক আদালত শামীমের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। পরবর্তীতে বিবাদীরা উচ্চ আদালতে আপিল দায়ের করলে বিষয়টি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সেখানে আদালতের ‘স্থগিতাদেশ’ বলবৎ আছে।
অভিযোগ উঠেছে, আদালতের স্থগিতাদেশ বজায় থাকা সত্ত্বেও অভিযুক্ত কনস্টেবল মামুন, তার দুই ভাই নোমান ও সোহান ক্ষমতার দাপট দেখিয়ে গত ৬ নভেম্বর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের নালিশি জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর ও পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। আইনি তোয়াক্কা না করায় সাংবাদিক শামীম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (গ) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলেও নির্মাণকাজ থামানো যায়নি।
অভিযুক্তের পরিবার অবশ্য দখলের বিষয়টি অস্বীকার করেছে। কনস্টেবল মামুনের ভাই নাইমুল ইসলাম নোমান দাবি করেন, জমিতে আদালতে কোনো নিষেধাজ্ঞা নেই এবং তারা নিজস্ব জমিতেই ঘর নির্মাণ করছেন। তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, সাংবাদিক শামীমুল ইসলামের লিখিত অভিযোগটি হাতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।