সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খুলনা নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দু’জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে লবণচরা থানার হরিণটানা এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাদারশি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং লবণচরা থানার হরিণটানা এলাকার বাসিন্দা আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, গত এক মাস ধরে নগরীর লবণচরা এলাকা একাধিক খুন ও অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ সময়ে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, অভিযানের সময় ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তার দেখানো তথ্য অনুযায়ী, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত আলামত লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬ নিশ্চিত করেছে।