সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বাড়ির একটি গাছ থেকে সুপারি সংগ্রহ করেন মজিবুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মারামারির এক ফাঁকে রবিউলের লাঠির আঘাতে মজিবুল, তাঁর স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুলের মৃত্যু হয়। আহত স্ত্রী ও সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মিলি খাতুনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।