সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের বেহাল দশা | দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার কাজ পেয়েও দীর্ঘ দেড় বছর ধরে লাপাত্তা রয়েছেন ঠিকাদার। কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো একবিন্দু কাজ শুরু না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, সড়কটি গত চার বছরেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন দুটি উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের হাজার হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা প্রতিদিনই সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে। ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দুর্ভোগ লাঘবে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটির দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর থেকেই নানা অজুহাতে তিনি কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও সড়কের সংস্কার কাজ শুরু হয়নি। এতে দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়নের অপেক্ষায় থাকা এলাকাবাসীর হতাশা ও দুর্ভোগ আরও বেড়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমরা শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে এবং ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।”
কলেজ শিক্ষক শামিম হোসেন দুর্ঘটনার ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার কাজ পেয়েও কেন কাজ করছেন না, তা আমাদের বোধগম্য নয়।”
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। দ্রুত কাজ শুরু না হলে আমাদের ভোগান্তির শেষ হবে না।”
এ প্রসঙ্গে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক জানান, ঠিকাদার কাজ শুরু না করায় তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। বর্তমানে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঝিনাইদহের এসবিকে, সাব্দালপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়কটি ব্যবহার করে থাকেন।