সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরও চরম উষ্ণতার ঝুঁকিতে পৃথিবী | ডব্লিউএমও
পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’ সক্রিয় থাকায় আগামী বছরও রেকর্ড মাত্রায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে জানিয়েছে, চলতি বছর পৃথিবীর উষ্ণতম বছরগুলোর তালিকায় শীর্ষস্থানে পৌঁছানোর পর আগামী বছরগুলোতেও তীব্র গরম ও বিরূপ আবহাওয়া বজায় থাকতে পারে।
কপ৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৯ নভেম্বর নিজস্ব ওয়েবসাইটে ‘স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউএমও। এতে উল্লেখ করা হয়, বর্তমানে চলমান এল নিনোর স্থায়িত্ব অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানান, ধারাবাহিক পর্যবেক্ষণের ১৭৭ বছরের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম ভয়াবহ রূপ নিতে পারে। মহাসাগর অঞ্চল থেকে নির্গত উচ্চ তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়ন বাড়ানো এবং বিভিন্ন অঞ্চলে চরম প্রাকৃতিক দুর্যোগ ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখছে।
প্রতিবেদন অনুযায়ী, এল নিনো সরাসরি নতুন কোনো তাপ তৈরি না করলেও প্রশান্ত মহাসাগরের সঞ্চিত প্রকাণ্ড তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি জলবায়ুর স্বাভাবিক গতিপথ ব্যাহত হয়। ২০২৬ সালের প্রথমার্ধে ‘লা নিনা’ শেষ হওয়ার পরপরই প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। নির্ধারিত পর্যবেক্ষণ অঞ্চলে গত মার্চে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলেও আগস্টে তা বেড়ে ২.৫ ডিগ্রিতে পৌঁছায়। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই পার্থক্য ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উদ্বেগজনক বিষয় হলো, মানবসৃষ্ট নানা কারণে ইতোমধ্যেই বৈশ্বিক তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের গড়ের চেয়ে প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, গত চার বছর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অন্যান্য অনুষঙ্গ যেমন—কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের পরিমাণ নতুন রেকর্ডে পৌঁছেছে। একই সঙ্গে ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে ভূগর্ভস্থ পানি, জলাধার ও হিমবাহের পানির সঞ্চয় আশঙ্কাজনকভাবে কমছে। ২০২৫ সালের মূল্যায়নে বিশ্বের ৪২ শতাংশ এলাকায় স্থলভাগের পানি স্বাভাবিকের চেয়ে কম ছিল, যা সাধারণ গড়ের (২৫ শতাংশ) তুলনায় অনেক বেশি।
এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে। বৈশ্বিক এই পরিস্থিতিতে ইউরোপে দাবানল ও প্রখর তাপে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ভারতের তীব্র তাপপ্রবাহে প্রায় ১৪ কোটি ৬৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আগস্টের শেষভাগে নেপালে হিমবাহ ধসে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০২৫ সালে বিশ্বের হিমবাহগুলো থেকে ৪০০ গিগাটনেরও বেশি বরফ গলেছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বাড়িয়েছে।
ডব্লিউএমও আবহাওয়ার এসব অস্বাভাবিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতা ও প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়।