সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ছুরিকাঘাত | প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে দশম শ্রেণির স্কুলছাত্রী জাকিয়া সুলতানা মমোকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার তার মামার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল এবং কুষ্টিয়ার সারাাপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা ভার্সনের শিক্ষার্থী। হামলার ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছিল।
হামলার বিবরণ:
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা ছুরিকাঘাতের শিকার হয়। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষে জাকিয়া বাড়িতে ফিরে ভবনের প্রবেশপথে কলবেল চাপার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই পেছন দিক থেকে এসে ধারালো ছুরি দিয়ে অভিযুক্ত ইমন তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। জাকিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত থাকলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।
উত্ত্যক্তের প্রতিবাদে হামলা:
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলেও কিছুদিন বিরতির পর সে আবারও বিরক্ত করা শুরু করে। পরিবারের ধারণা, জাকিয়ার অভিভাবকদের কাছে এই বিষয়ে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে, ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ হামলাকারীকে শনাক্ত করে এবং হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করে। ঘটনার পরপরই শহরজুড়ে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৪৫ জনকে আটক করে, যাদের অধিকাংশই ছিল কিশোর-কিশোরী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এসব আটককৃতদের কুষ্টিয়া মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ইমন গ্রেপ্তার হওয়ার পর সে নিজে ঘটনার দায় স্বীকার করে। এরপর পুলিশ আটককৃত ৪৫ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে ছেড়ে দেয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, যাদের আটক করা হয়েছিল, তাদের এমন জায়গা থেকে পুলিশ তুলে এনেছিল যা একজন শিক্ষার্থীর জন্য মোটেই উপযোগী ছিল না। তারা কেউ পৌরসভার পেছনে, কেউ পার্কের পেছনে অন্ধকারে, আবার কেউ বিভিন্ন অলিতে-গলিতে আড্ডারত অবস্থায় ছিল। তিনি অভিভাবকদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দ্রুততার সাথে হামলাকারীকে গ্রেপ্তারে সক্ষম হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রত্যাশা করেন।
এদিকে, ঘটনার পর পুলিশের ব্যাপক তৎপরতার কারণে ইমন গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার উদ্যোগ নেওয়া হবে।
গ্রেপ্তারকৃত ইমনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। একই সাথে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থীর নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
কুষ্টিয়ার সামাজিক সংগঠনসমূহের প্লাটফরম সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান ঘটনার পরপরই পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতার প্রশংসা করেন। তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।