সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় দুই সহোদর ভাই প্রাণ হারিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা হোগলাপাশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের পুত্র বিধান বাছাড় (৫৫) এবং মানিক বাছাড় (৪২)। তারা দুজনই দিনমজুর ও কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিধান ও মানিক তাদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে ধান বীজ রোপণের কাজ করছিলেন। বেলা প্রায় সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মহিষপুরা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। এই হৃদয়বিদারক ঘটনায় হোগলাপাশা ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বিধান বাছাড়ের পরিবারে তাঁর স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অন্যদিকে, মানিক বাছাড়ের স্ত্রী বিথি রানী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবার দুটি গভীরভাবে শোকাচ্ছন্ন।
মহিষপুরা ফাঁড়ির টু-আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানিয়েছেন, এই ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।