সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যালি, অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন এবং জীবনরক্ষাকারী বিশেষ মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ বছরের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালি শেষে আকস্মিক অগ্নিকাণ্ড রোধ, দ্রুত আগুন নেভানো এবং আটকে পড়া মানুষদের নিরাপদে দ্রুত উদ্ধার করার বিভিন্ন কৌশল সরাসরি মহড়ার মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, নির্বাহী প্রকৌশলী মেজবাহুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, বিশেষ করে অগ্নিকাণ্ডে সামান্যতম অসচেতনতার ফলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাই প্রতিটি বাসা-বাড়িতে আগুন লাগার যে কোনো ঝুঁকি কমাতে পরিবারের প্রতিটি সদস্যকে সতর্ক থাকা আবশ্যক। জরুরি মুহূর্তে কার কী করণীয়, কোন নিরাপদ পথ দিয়ে বের হতে হবে এবং অন্যকে কীভাবে উদ্ধার করতে হবে, সে বিষয়ে পূর্বপ্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে কেবল সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না; বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত প্রস্তুতি নিশ্চিত করতে হবে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারলে বহু তাজা প্রাণ রক্ষা করার পাশাপাশি ঘরবাড়ি ও ধনসম্পদের বিপুল ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়িয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের নাগরিকরা অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে