সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে | আব্দুল হান্নান মাসউদ
বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি দাবি করেন, সরকার মানুষের ভোটাধিকার ও গণভোটকে অস্বীকার করার পাশাপাশি জুলাই বিপ্লবের চেতনাকেও অবমূল্যায়ন করছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মূলত আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আব্দুল হান্নান মাসউদ বলেন, বিএনপি সরকার গঠন করার পর দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন ও উন্নত জীবনের আশা করেছিল। কিন্তু বাস্তবে সরকার জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অথচ সরকার কেবল সুশাসন প্রতিষ্ঠার ফাঁকা বুলি আওড়াচ্ছে।