সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
উৎসবমুখর পরিবেশে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বর্ণাঢ্য সাজসজ্জা, আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল থেকেই সমগ্র কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস রঙিন ব্যানার, পুষ্পশোভিত সাজ এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, শিক্ষাজীবনে কেবল একবার ভালো ফলাফল করলেই সাফল্য স্থায়ী হয় না। প্রতিনিয়ত যুগের সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে সমসাময়িক জ্ঞানে সমৃদ্ধ করতে হবে এবং নিত্যনতুন বিষয় শিখতে হবে। পাঠ্যসূচির পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যুক্ত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম নজরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সভাপতি মো. কাউসার আলী।
বক্তারা তাঁদের আলোচনায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা জানান। একইসঙ্গে শিক্ষার গুণগত মান ধরে রাখা, সুশৃঙ্খল জীবনযাপন এবং মানবিক মূল্যবোধ লালন করার আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে কলেজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পর্ব। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে নবীনদের স্বাগত জানান, যা পুরো প্রাঙ্গণে এক সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহের সৃষ্টি করে। আলোচনা সভা শেষে আয়োজিত চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যায় কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য, কাব্য আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।